শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সার্বিক কর্মপরিবেশ ও উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারায় নিউএইজ গ্রুপ, অরুণিমা গ্রুপ,এনভয়, ফ্যাশন ডটকমসহ ৩০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, জিরাবো, কাঠগড়া বাজারসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কারখানার প্রধান ফটকের সামনে কারখানা ছুটির নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে।
শ্রমিকদের বে-আইনি কর্মবিরতি, কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারির মতো পরিস্থিতির কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক নিউএইজ গ্রুপ গত ১০ নভেম্বর এবং অরুণিমা গ্রুপ গত ১২ নভেম্বর থেকে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
এদিকে চলমান অসন্তোষের জেরে আজ শনিবার (১৪ নভেম্বর) থেকে আরও বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, ক্রসওয়ার গার্মেন্টস ইন্ডাট্রিজ প্রাইভেট লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, ক্রসওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এক্টিভ কম্পোজিট মিলস লিমিটেড,ন্যাচারাল ডেনিমস লিমিটেড, মান্তা এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাসন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জিএস ডেনিম ওয়ার লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, অরুনিমা স্পোর্টস ওয়ার লিমিটেড, ডিএমসি এ্যাপারেলস লিমিটেড, ডিএমসি ওয়াসিং লিমিটেড, নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ এওয়ারেলস লিমিটেড, কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড, রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, এলপিএস এ্যাপারেলস লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লুসাকা গ্রুপের সকল কারখানা, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এস টোয়েন্টি ওয়ান গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, রাতুল নীটওয়্যার লিঃ। পরিস্থিতি স্বাভাবিক না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ম্যাকপাই গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) সাব্বির সিদ্দিকী জানান, চলমান অসন্তোষের মুখে শ্রমিকদের কাজ করার অনুরোধ জানানো হলেও তারা কাজ না করে চলে যান। সার্বিক এই পরিস্থিতি ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করার কারণেই মূলত কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেনযে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ সদস্য সহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কারখানাগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


