...|...|...

সারাদেশ

কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২০
Shares
কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

‘কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। ধর্ম যার যার, দেশটা সবার।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে তিনি তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে একসাথে বসবাস করতে হবে। প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতার সাথে দায়িত্ব পালন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জয়পুরহাট জেলা শাখার সদস্যসচিব পলাশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, তিন উপজেলার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।