...|...|...

খেলা

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন হামজা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৫
Shares
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন হামজা

ছবি: সংগৃহীত

প্রথমবার আয়োজিত ১৪ দলের আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে লাল-সবুজের দল।

ভারতের নাম প্রত্যাহারের সুবাদে ফিফার অর্থায়নে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় বাংলাদেশ। থমাস ডুলির অধীনে ২৩ সদস্যের চূড়ান্ত দল নিয়ে বাংলাদেশ এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থান করছে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে জামাল-হামজাদের বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর ও আয়োজক ইন্দোনেশিয়া।

ফিফার এই প্রতিযোগিতায় খেলা নিয়ে রোমাঞ্চ প্রকাশ করে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, ‘এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত ও গর্বিত। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ এটি। কাউকে ভয় পেয়ে আমরা আসিনি, লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব পয়েন্ট আদায় করা।’

জাকার্তার সুযোগ-সুবিধা ও অনুশীলনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হামজা বলেন, ‘সবকিছু নিখুঁত ও অসাধারণ। হোটেল, অনুশীলনের মাঠ ও এখানকার মানুষের ব্যবহার দুর্দান্ত, অভিযোগের কোনো সুযোগ নেই।’

শুক্রবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়াকে সমীহ করলেও লড়াইয়ের জন্য তৈরি দল। হামজা জানান, মালয়েশিয়া দলে মানসম্পন্ন খেলোয়াড় ও অভিজ্ঞ কোচ আছেন। তবে বাংলাদেশকে ঘিরেও প্রত্যাশা কম নয়।