...|...|...

ঢাকা

৪ দিন ধরে বন্ধ রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৬
Shares
৪ দিন ধরে বন্ধ রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট

রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ৪দিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা। ফেরি বন্ধ থাকায় অনেক যানবাহন ঘাট থেকে ফিরে যাচ্ছে। আবার কেউ কেউ দীর্ঘ ও বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। এতে বাড়ছে সময় ও পরিবহন ব্যয়।

জরুরি প্রয়োজনে অনেকে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন। তবে এসব নৌযানে অনেক যাত্রীর লাইফ জ্যাকেট না থাকায় তীব্র স্রোতে পারাপার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ঘাট সংশ্লিষ্টরা জানান, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মায় পানি ও স্রোত বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির একটি দীর্ঘদিন ধরে বিকল। অপর ফেরিটিও তীব্র স্রোতের কারণে নিরাপদে চলাচল করতে পারছে না।

স্থানীয়দের অভিযোগ, পুরোনো ও সংস্কারের অভাবে ঘাটের ফেরি সার্ভিস প্রায়ই ব্যাহত হয়। দ্রুত বিকল্প ফেরির ব্যবস্থা এবং পুরোনো ফেরিগুলো মেরামতের দাবি জানিয়েছেন তারা।

বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট সুমন খান বলেন, তীব্র স্রোতের কারণে ৪দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরির চাহিদার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তারা দেখছে।