বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম ও লুটপাট চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
তিনি বলেন, সমাজে আর কোনো ধরনের অনিয়ম ও লুটপাট দেখতে চাই না। উন্নয়নের সুফল যেন সমাজের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে তৃণমূলের সাধারণ মানুষ পর্যন্ত সমানভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে।
শনিবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি ফুটব্রিজ থেকে দক্ষিণ জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। সমাজের সর্বস্তরের মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
সড়ক উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


