...|...|...

সারাদেশ

জিয়াউর রহমান দেশের হাল না ধরলে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা হতো না: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪
Shares
জিয়াউর রহমান দেশের হাল না ধরলে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা হতো না: হুইপ দুলু

ছবি: টাইমস টুডে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল না ধরলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারাগার থেকে মুক্ত হয়ে দেশের হাল ধরেছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে এগিয়ে যায়। জিয়াউর রহমান দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করেছিলেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং পরবর্তী সময়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।

৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই সময় তিনি সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়তেন। সে সময়ের ঘটনাগুলো এখনো তার মনে আছে। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।