খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে তাকে ফোন করে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির নেতারা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে। এ ছাড়া যারা মব সৃষ্টি করে অরাজকতা করছে, তাদের কেউ এ ঘটনার সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।


