...|...|...

সারাদেশ

সাজেক খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
সাজেক খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস টুডে

রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক ও স্থানীয়রা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ির সাজেক কাউন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে পর্যটন ও পরিবহন খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় পুরো পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পর্যটক পরিবহনসহ বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত মানুষ আর্থিক সংকটে পড়ছেন। পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় আয় কমে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন ব্যয় ও কর্মীদের জীবিকা নির্বাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তারা বলেন, সাজেকের পর্যটনশিল্পের সাথে শুধু হোটেল ও রিসোর্টের মালিকেরাই নন, পরিবহনচালক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, খাবারের দোকান এবং পর্যটকসেবায় যুক্ত বহু মানুষ নির্ভরশীল। পর্যটন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলে এসব মানুষের আয়-রোজগার আরও সংকুচিত হবে। এর প্রভাব পড়বে স্থানীয় বাজার ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে।

বিক্ষোভকারীদের মধ্যে পার্বত্য যানবাহন সমিতির সভাপতি আয়ুশ চাকমা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি পর্যটননির্ভর মানুষের জীবিকা রক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত সাজেকের পর্যটন কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়া এবং পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন খাগড়াছড়ি সম অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, কটেজ-রিসোর্ট মালিক সমিতির প্রতিনিধি জুয়েল সহ অন্যান্যরা।

সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ থাকার প্রভাব শুধু একটি পর্যটনকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সাথে জড়িয়ে রয়েছে খাগড়াছড়িসহ আশপাশের এলাকার পরিবহন, আবাসন, খাবার ও ক্ষুদ্র ব্যবসার আয়-রোজগার।

এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনশিল্পের সাথে যুক্ত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকা সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।