...|...|...

বিশ্ব

১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২২
Shares
১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ায় নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নতুন আইনের আওতায় দেশটির সরকারি ও বেসরকারি স্কুলে হিজাব বা বুরকার মতো ‘ঐতিহ্যবাহী মুসলিম’ মাথা ঢাকার পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন আইনটির সমালোচনা করেছেন বিরোধীরা। তারা বলেন, এই নিষেধাজ্ঞা অস্ট্রিয়ায় মুসলিম-বিরোধী মনোভাবকে উসকে দিতে পারে এবং আইনটি অসাংবিধানিক।

রক্ষণশীল নেতৃত্বাধীন জোটের তিন শরিক দল—পিপলস পার্টি , সোশ্যাল ডেমোক্র্যাটস  ও উদারপন্থী নিওস—এই আইন এনেছে। তাদের ভাষ্য, এটি ‘লিঙ্গ সমতার প্রতি একটি সুস্পষ্ট অঙ্গীকার’ এবং এর উদ্দেশ্য অল্পবয়সী মেয়েদের অধিকার রক্ষা করা।

অস্ট্রিয়ার সরকারি ইসলামিক কমিউনিটি এর কার্লা আমিনা বাঘাজাতি বিবিসিকে বলেন, সংগঠনটি এই নিষেধাজ্ঞার ‘তীব্র বিরোধিতা করছে’।

তিনি বলেন, এই আইন ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারকে অন্যায়ভাবে খর্ব করে এবং মুসলিম মেয়েদের ওপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলে। শিশুদের সুরক্ষার পরিবর্তে এটি একটি নির্দিষ্ট ধর্মীয় প্রথাকে আলাদা করে চিহ্নিত করছে এবং যাদের সমর্থনের দাবি করা হচ্ছে, সেই শিশুদেরই বাদ পড়ার ঝুঁকি তৈরি করছে।