হরমুজ প্রণালীর কাছে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এল গায়া’ নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে—ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ট্যাঙ্কারটি কোনো নৌ-মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়নি। বরং গত মাসে এটি ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অকেজো হয়ে পড়ে এবং সপ্তাহান্তে ওমান উপকূলের কাছে আবারও ইরানি ড্রোন হামলার শিকার হয়।
সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে একটি আঞ্চলিক সহযোগী দেশের সহায়তায় ট্যাঙ্কারটিকে টেনে নেওয়া হচ্ছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবিকে ‘মিথ্যাচার ও ভয় দেখানোর প্রচেষ্টার আরেকটি উদাহরণ’ বলে মন্তব্য করেছে সেন্টকম।
এর আগে সোমবার আইআরজিসির নৌবাহিনী দাবি করেছিল, হরমুজ প্রণালীর দক্ষিণে নৌ-মাইনের আঘাতে ‘এল গায়া’ ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। তবে যুক্তরাষ্ট্র বলছে, ওই ঘটনার সঙ্গে নৌ-মাইনের কোনো সম্পর্ক নেই।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এ অঞ্চলে যেকোনো হামলা বা উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।


