ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ‘অবৈধভাবে চলাচলের’ চেষ্টা করায় টোগোর পতাকাবাহী একটি ট্যাঙ্কারে আঘাত হেনেছে তারা।
আইআরজিসির নৌ শাখার দাবি, হামলার পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং সেটির চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাদের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনীর ‘প্ররোচনা ও বিভ্রান্তির’ কারণে জাহাজটি ওই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল।
ইরানের এই বাহিনী আরও জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে এবং কোনো ‘আগ্রাসী’ পক্ষকে এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে চলাচলের চেষ্টা করলে এর পরিণতি হবে সংশ্লিষ্ট জাহাজ ধ্বংস হয়ে যাওয়া।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। ইরান এর আগেও এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে।


