...|...|...

বিশ্ব

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৯
Shares
সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ছবি: সংগৃহীত

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা সুরক্ষায় ফ্রান্স সামরিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই ইয়ানবু সুরক্ষায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সেখানে সেনা, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হবে।

ম্যাক্রোঁ বলেন, ‘আমরা সামরিক সক্ষমতা পাঠাব—অর্থাৎ সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা। উদ্দেশ্য এই স্থাপনাটি সুরক্ষিত রাখা; কোনো সংঘাতে জড়িয়ে পড়া নয়।’

লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি তেল রপ্তানির ক্ষেত্রে এ অঞ্চলের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে ইয়ানবুর জ্বালানি স্থাপনা হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়ানবু ও তাইফ শহরের দিকে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় ফ্রান্সের এই সামরিক সহায়তার ঘোষণা এলো।