...|...|...

বিশ্ব

জাতিসংঘের বাইরে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৪
Shares
জাতিসংঘের বাইরে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক গ্রেফতার

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আয়োজিত ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতার
 করা হয়েছে বলে জানিয়েছে ইহুদি শান্তিবাদী সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’।

সংগঠনটির যোগাযোগবিষয়ক পরিচালক সোনিয়া মায়ারসন-নক্স আল-জাজিরাকে বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে ৪০০ জনের বেশি বিক্ষোভকারী অংশ নেন। কর্মসূচির শুরুতেই পুলিশ বিক্ষোভকারীদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।

মায়ারসন-নক্সের ভাষ্য, নেতানিয়াহুকে জাতিসংঘে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা দৃঢ় অবস্থান নিয়েছিলেন। গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরও জানান, বিক্ষোভে ডেমোক্রেটিক পার্টির চারজন প্রার্থী, নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক ডজনের বেশি নির্বাচিত প্রতিনিধি এবং প্রায় ২০ জন তারকা অংশ নেন।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন অভিনেত্রী হানা আইনবাইন্ডার এবং নিউইয়র্ক সিটির কংগ্রেসনাল প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার।

নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণকে কেন্দ্র করে নিউইয়র্কজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। একই সময় গাজা যুদ্ধ ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচিও পালন করে।