...|...|...

জাতীয়

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলেটের ভূমিকা জানতে চায় সংসদীয় কমিটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৪১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, রাত ১:৩২
Shares
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলেটের ভূমিকা জানতে চায় সংসদীয় কমিটি

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কোনো অবহেলা বা দুর্বলতা ছিল কি না, তা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অবহেলা থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও প্রতিবেদন চেয়েছে কমিটি।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের ১৪ দিন আগে সৌদি আরব প্রায় আড়াই হাজার বন্দির একটি তালিকা পাঠিয়েছিল। ওই তালিকায় দুই বাংলাদেশির নাম থাকলেও বিষয়টি যথাযথভাবে চিহ্নিত করা হয়নি। ফলে মৃত্যুদণ্ডের বিষয়টি আগে থেকে শনাক্ত করতে না পারার কারণ এবং জেদ্দা কনস্যুলেটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করেছিলেন, তালিকাভুক্ত বন্দীদের অপরাধের ধরন অনুযায়ী ছয় মাস থেকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তালিকায় মৃত্যুদণ্ডের বিষয়টি রয়েছে, তা তারা বুঝতে পারেননি।

এ বিষয়ে সৌদি আরবের কাছে কয়েকটি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষের উত্তর পাওয়ার পর তা কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে কনস্যুলেটের কোনো অবহেলা ছিল কি না, থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, কনস্যুলেট আগে কেন বিষয়টি জানতে পারেনি এবং সেখানে কোনো দুর্বলতা বা অবহেলা ছিল কি না, তা জানতে চেয়েছে কমিটি। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটি কেন আগে বিষয়টি জানায়নি, সেটিও প্রশ্নের বিষয়।

মৃত্যুদণ্ড কার্যকরের ১৪ দিন আগে তথ্যবিনিময়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, পাঠানো প্রতিবেদনটি যথাযথভাবে চিহ্নিত করা হয়নি।

সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতেও কমিটির এ সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে।

কমিটির তৃতীয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম। কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।