...|...|...

জাতীয়

হাসিনার ছবি সরানো সেই জাবি অধ্যাপক এবার পিএসসির সদস্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ১:৫৫
Shares
হাসিনার ছবি সরানো সেই জাবি অধ্যাপক এবার পিএসসির সদস্য

ড. শামীমা সুলতানা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে অন্য যেকোনো পেশা বা ব্যবসা ত্যাগের শর্তে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। এর মধ্যে যে শর্তটি আগে পূরণ হবে, সে অনুযায়ী তার মেয়াদ নির্ধারিত হবে।

নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।

উল্লেখ্য, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন। ওই পদক্ষেপ আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং শিক্ষক সমাজে সাহসিকতার নজির স্থাপন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।