...|...|...

জাতীয়

তারেক রহমানের সাথে জাপানে সফরসঙ্গী হচ্ছেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১০:২৮
Shares
তারেক রহমানের সাথে জাপানে সফরসঙ্গী হচ্ছেন যারা

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রবিবার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে তার সাথে থাকছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া প্রতিনিধি দলে থাকছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান। তাদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও সফরে অংশ নেবেন।

সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার কথা রয়েছে।

এ ছাড়া জাপানের বড় বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

টোকিওতে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপনেরও কর্মসূচি রয়েছে তার। এ ফোরামে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।