প্রায় দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও বিদ্যুৎ রফতানি শুরু করেছে নেপাল। ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে দেশটি।
নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপালের ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে বিদ্যুৎ রফতানির অনুমোদন থাকা এই দুটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ হয়ে যায়। একই কারণে ভারতের হরিয়ানা রাজ্যে বিদ্যুৎ রফতানিও আংশিকভাবে ব্যাহত হয়।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন, বিকল্প জলবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রফতানির জন্য ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর সরবরাহ পুনরায় চালু হয়েছে।
নতুন ব্যবস্থায় নেপালের সোলু খোলা ও কাবেলি বি-১ জলবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে। অন্যদিকে, লোয়ার মোদি খোলা জলবিদ্যুৎকেন্দ্র থেকে ভারতের হরিয়ানায় বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ত্রিশূলী, চিলিমে ও দেবীঘাট জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ রফতানির অনুমোদন ছিল।
দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠার মতে, বন্যায় বিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিকল্প উৎস থেকে রফতানি পুনরায় চালু করা নেপালের বিদ্যুৎ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশে সরবরাহ শুরু হওয়ায় বর্ষা মৌসুমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ কাজে লাগানো সহজ হবে। একই সঙ্গে আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণের সুযোগও তৈরি হবে।
২০২৪ সালের ৩ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে পাঁচ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের।
ভারতের সঞ্চালন অবকাঠামো ব্যবহার করে তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও ভারতে বিদ্যুৎ রফতানি থেকে নেপালের আয় বেড়েছে। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর পর্যন্ত ভারতে ৬৩ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ইউনিট বিদ্যুৎ রফতানি করে নেপাল আয় করেছে ৫৯ কোটি ২৫ লাখ নেপালি রুপি।
গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ৯৬ কোটি ২০ লাখ রুপি বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের তুলনায় আয় বেড়েছে ৮৩ কোটি ২৫ লাখ রুপি।
দুই মাসের বিরতির পর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হওয়ায় নেপালের বিদ্যুৎ রফতানি কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।


