তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাগুলোতে গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা চেয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির পরবর্তী বৈঠকে এসব তালিকা উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আমানউল্লাহ আমান। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিটিভিকে বাণিজ্যিক চ্যানেলে রূপান্তর না করে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয়। এ জন্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সংবাদ পরিবেশনে গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ওপরও জোর দেওয়া হয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিল সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া বিটিভি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য উপস্থিত সবাইকে সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন বকুল, মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।
এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, অধীন বিভিন্ন অধিদফতরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


