গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির আলোচনায় বলা হয়েছে, এ সময়ে রাজনৈতিক নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টার বিষয়টিও আলোচনা করা হয়। এ ধরনের ঘটনায় একে অপরকে দোষারোপ করার রাজনীতি বা ‘ব্লেম গেম’ থেকে সরে আসার পরামর্শ দেন কমিটির সদস্যরা।
‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত
বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গুরুত্বপূর্ণ এই বিল প্রণয়নের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদও জানিয়েছে সংসদীয় কমিটি।
বৈঠক চলাকালে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সদস্যদের মতামত, সংশোধনী প্রস্তাব বা ভিন্নমত জানানোর সুযোগ রয়েছে। তবে তার মতে, ওয়াকআউট সংসদীয় রীতির অংশ নয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানাসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


