ইতালির মিলানে যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট ভবন নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের শোষণের অভিযোগে আইনি জটিলতার মুখে পড়েছে মার্কিন নির্মাণ জায়ান্ট ‘ক্যাডেল কনস্ট্রাকশন’। তদন্তের সমঝোতা হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ৩ কোটি ৫২ লাখ ডলার (৩০.৯৪১ মিলিয়ন ইউরো) পরিশোধ করতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রয়টার্সের হাতে আসা একটি আইনি নথির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অ্যালাবামাভিত্তিক এই নির্মাণ প্রতিষ্ঠানটি মিলানের প্রসিকিউটরদের কাছে জমা দেওয়া নথিতে জানিয়েছে যে, তারা শ্রমিকদের বকেয়া ওভারটাইম, থাকার জায়গার খরচ এবং মানসিক ক্ষতির ক্ষতিপূরণ বাবদ প্রায় ২ কোটি ইউরো পরিশোধ করবে। তবে এই সমঝোতার পরও প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের দায় স্বীকার করেনি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ক্যাডেলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেওয়া হয়নি।
এর আগে, গত জুনে এক বিবৃতিতে ক্যাডেল জানিয়েছিল যে, তারা বিচারিক কর্তৃপক্ষের সাথে পুরোপুরি সহযোগিতা করছে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশ্বজুড়ে বড় বড় মার্কিন দূতাবাস ও সামরিক স্থাপনা নির্মাণের কাজে বিশেষ খ্যাতি রয়েছে এই কোম্পানিটির।
গত ২৯ মে শ্রমিক শোষণের গুরুতর অভিযোগের মুখে ক্যাডেল কনস্ট্রাকশনের ইতালীয় শাখাটিকে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা আদালতের প্রত্যক্ষ প্রশাসনের অধীনে নেওয়া হয়, যা পরবর্তীতে একজন বিচারক বহাল রাখেন। মিলানের প্রসিকিউটর এবং ইতালির কারাবিনিয়ারি পুলিশ অভিযোগ করেছিল যে, কোম্পানিটি নতুন দিল্লির এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ভারত থেকে শ্রমিকদের নিয়োগ করেছিল। পরে মিলানের কনস্যুলেট সাইটে তাদের দিয়ে অমানবিক শিফটে, অত্যন্ত কম বেতনে, কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা ছাড়াই এবং সবসময় বরখাস্তের হুমকির মুখে কাজ করানো হচ্ছিল।
আইনি নথিপত্র অনুযায়ী, শ্রমিকদের ক্ষতিপূরণ ছাড়াও ক্যাডেল কনস্ট্রাকশন ইতালির সামাজিক নিরাপত্তা সংস্থা আইএনপিএস-কে ৭ মিলিয়নের বেশি ইউরো এবং লেবার ইন্সপেক্টরেট বা শ্রম পরিদপ্তরকে প্রায় ৪ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে।
মিলানের প্রসিকিউটরদের কাছে পাঠানো এবং ক্যাডেলের নির্বাহী কর্মকর্তা মাইকেল অ্যাঞ্জেলো র্যানিয়েরি-র স্বাক্ষরিত ওই চিঠিতে মার্কিন কোম্পানিটি জোর দিয়ে বলেছে যে, তাদের এই আর্থিক সমঝোতা বা প্রতিশ্রুতি কোনোভাবেই তাদের অপরাধ স্বীকারের শামিল নয়। চিঠিতে আরও বলা হয়, তদন্তকারী কর্তৃপক্ষের করা কোনো ধরনের আইনি ও তথ্যগত মূল্যায়নের দায়ও এই সমঝোতার মধ্য দিয়ে স্বীকার করা হচ্ছে না।


