যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যেগে বান্দরবানে শুরু হয়েছে এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম।
রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। এক মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত।
বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নেওয়া যুবক-যুবতীদের এসি ও ফ্রিজ মেরামত, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার আহ্বান ।
পরে তিনি প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে কার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজেরাই কাজের সুযোগ তৈরি করতে পারবেন। একই সাথে বান্দরবানে দক্ষ জনশক্তি গড়ে ওঠার মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্রও তৈরি হবে।


