...|...|...

সারাদেশ

খাগড়াছড়িতে ৩ ভুয়া চিকিৎসককে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
Shares
খাগড়াছড়িতে ৩ ভুয়া চিকিৎসককে জরিমানা

খাগড়াছড়িতে ৩ ভুয়া চিকিৎসককে জরিমানা। ছবি: টাইমস টুডে

খাগড়াছড়ির রামগড়ে চিকিৎসক না হয়েও রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ভবিষ্যতে চিকিৎসক পরিচয়ে চেম্বার করা ও রোগীদের ব্যবস্থাপত্র না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামগড় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় বাজারের জিরো পয়েন্ট এলাকায় মা মেডিকেলে চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক শংকর দেবনাথকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে আমিন মেডিকেলের রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা এবং জাহাঙ্গীর মেডিকেলের বাদল চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনজনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত বলেন, ‘চিকিৎসক না হয়েও কিছু ব্যক্তি দিনের পর দিন বিভিন্ন ফার্মেসিতে চেম্বার করে রোগী দেখছিলেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রাথমিকভাবে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হয়েছে। যারা মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অমান্য করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাহাদ বিন আবু তৈয়ব, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।