ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্লিপার বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে দ্রুতগতির রয়েল পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এতে বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়। বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের মাঝপথে উল্টে গিয়েছিল। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের তেমন বড় কোনো ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গাড়িটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।


