সাতক্ষীরার শ্যামনগরে কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. রহমত আলী গাইন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন গোলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিবৃষ্টিতে ভেজা কেওড়া গাছ থেকে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রহমত আলী গাইন শ্যামনগর উপজেলার সোরা গ্রামের ফজর আলী গাইনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেওড়া ফল সংগ্রহের জন্য রহমত আলী গাইন গোলাখালী এলাকায় যান। সেখানে কেওড়া গাছে উঠে ফল পাড়ার সময় ভেজা গাছ থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়।


