...|...|...

সারাদেশ

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২১
Shares
ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ভিমরুল। প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) ও তার পাঁচ বছর বয়সী নাতনি আদিবা।

নাওগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল মোতালেবের বাড়ির পাশে পুকুরপাড়ে একটি ভিমরুলের বাসা ছিল। বৃহস্পতিবার সকালে শিশু আদিবা সেখানে গেলে ভিমরুল তাকে আক্রমণ করে। এ সময় নাতনিকে বাঁচাতে এগিয়ে গেলে নানি সুমরি বেগমও ভিমরুলের কামড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাদের উদ্ধার করার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই শিশু আদিবার মৃত্যু হয়। গুরুতর আহত সুমরি বেগমকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয়।

ইউপি সদস্য মঞ্জুরুল হক বলেন, নিহতদের লাশ বর্তমানে তাদের বাড়িতে রয়েছে। দাফনের প্রস্তুতি চলছে। নিহত শিশু আদিবার মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। সে কারণে আদিবা তার নানার বাড়িতে থাকত।

একই পরিবারের নানি ও নাতনির এমন মর্মান্তিক মৃত্যুতে বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।