সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ সেপ্টেম্বর) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃত দুই শিশু হলো সিলেট সদরের আদিয়ান (৪ মাস) ও হবিগঞ্জ সদরের ইয়াসিন (১০ মাস)। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। তাদের বেশিরভাগই শিশু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন রোগী।
চিকিৎসকদের ভাষ্য, যেসব শিশু মারা যাচ্ছে, তাদের অধিকাংশই টিকা গ্রহণ করেনি। পাশাপাশি তারা পুষ্টিহীনতা, হৃদরোগ, নিউমোনিয়া ও জন্ডিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিল। হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।


