কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজার পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইমরান (২৬), মো. খোরশেদ আলম (২৮), মো. আবু তাহের (৩৬), সোহেল ইসলাম (৩২), মো. নাইম (১৯), রেদোয়ান (২০), মো. রফিক (২২), মো. আমির (৩২), মো. সাদ্দাম (৩১), মেহেদী হাসান সাগর (১৯), রেজাউল করিম অনি (১৯), মো. ইশান (২৩), মো. জহির (২৯) ও রবিউল হাসান (১৯)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশের দাবি, পর্যটননগরী কক্সবাজারে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সাথে জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম বা অপরাধের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।


