...|...|...

জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৬
Shares
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এর আগে অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথন শোনা যায় বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়।

তবে অডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে রাকিবুল হাসান দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ ঘটনায় তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য ও আদালতের পরবর্তী আদেশ জানা যায়নি।