...|...|...

সারাদেশ

সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তনে এবার প্রধানমন্ত্রীর চিঠি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, সকাল ১০:৩৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫০
Shares
সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তনে এবার প্রধানমন্ত্রীর চিঠি

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ি’। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নামের সাথে মিল রেখে নামকরণ করা বগুড়ার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা প্রশাসককে টেলিফোনেও  এ বিষয়ে  নির্দেশ দিয়েছিলেন।

শনিবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ–সংক্রান্ত নির্দেশনার চিঠি পাওয়ার কথা জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর দফতরের ওই চিঠিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত ‘মীরবাড়ি’ এবং মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তৌফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শুক্রবার টেলিফোনে মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের সই করা এ-সংক্রান্ত লিখিত নির্দেশনার চিঠি হাতে পেয়েছি। সেখানে মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় নামকরণ করা হবে। এ জন্য নতুন করে গণশুনানির আয়োজন করা হবে।

স্বচ্ছতার সাথে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গণশুনানির মাধ্যমে নতুন নামের প্রস্তাব গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ইউনিয়নের জন্য পৃথক তিনটি কমিটি গঠন করা হবে। কমিটিগুলো স্বচ্ছতার সাথে গণশুনানি আয়োজন এবং নতুন নামের প্রস্তাব গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপর যথাযথ প্রক্রিয়ায় নতুন নাম চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। চারটি নতুন ইউনিয়নের মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ি’ এবং তার দুই ছেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’-এর নামের সাথে ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।