নাটোরের লালপুরে ধানের খোলায় মাদক সেবনে নিষেধ করাকে কেন্দ্র করে চিকিৎসক মমতাজুল ইসলাম শিমুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা সজিব হোসেনের বিরুদ্ধে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর লালপুর ছয়রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ডা. শিমুলের ছোট ভাই সোহাগ তাদের ধানের খোলায় কয়েকজনকে আড্ডা দিতে দেখেন। এ সময় তারা মাদক সেবন করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের দিকে টর্চের আলো ধরাকে কেন্দ্র করে সোহাগের সাথে সেখানে থাকা ব্যক্তিদের কথা-কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পর লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেনের নেতৃত্বে কয়েকজন ডা. শিমুলের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। ঘটনায় যুবদল নেতা সজিব হোসেনও আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে সজিব হোসেন বলেন, বিয়ের দাওয়াত খেয়ে তারা ধানের খোলায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় শিমুলের ভাই সোহাগ তাদের চোখে টর্চের আলো ফেলেন। এ নিয়ে তাকে নিষেধ করলে কথা-কাটাকাটি হয়। নিজের ওপর আগেও আওয়ামী লীগের হাতে নির্যাতনের অভিযোগও করেন তিনি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

