...|...|...

সারাদেশ

বগুড়ায় ৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
বগুড়ায় ৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বগুড়ায় জেলা জজ আদালত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে তিনতলা উচ্চতার এ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফুটওভার ব্রিজটি নির্মাণ হলে প্রতিদিন আদালতপাড়ায় যাতায়াতকারী বিচারপ্রার্থী, আইনজীবী, মুহুরি, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের সুযোগ তৈরি হবে। একইসাথে সড়ক পারাপারের কারণে সৃষ্ট সময়ক্ষেপণ ও দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে বগুড়া আদালতপাড়ায় এমন একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি ছিল। সংশ্লিষ্টদের মতে, প্রায় ১৭ বছর ধরে বিষয়টি নিয়ে দাবি উঠলেও অতীতে তা বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটারের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানান।

ফুটওভার ব্রিজ নির্মাণের স্থান নির্ধারণ ও পরিদর্শন করতে সংশ্লিষ্ট প্রকৌশলী, দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আইনজীবীরা সরেজমিনে পরিদর্শন করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে প্রতিদিন বিচারপ্রার্থীসহ বিপুলসংখ্যক মানুষের চলাচল রয়েছে। তাদের অনেককেই সড়ক পারাপার হতে হয়। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও থাকে।

তিনি বলেন নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ হলে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, মুহুরি ও বিচারপ্রার্থীরা কর্মক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত করতে পারবেন।

অ্যাডভোকেট আব্দুল ওহাব আরও বলেন, বৃষ্টি, প্রচণ্ড রোদসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরাপদে সড়ক পারাপারের সুযোগ তৈরি হবে। ফলে আদালত সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

সংশ্লিষ্টরা জানান, ফুটওভার ব্রিজটি নির্মাণ হলে শুধু নিরাপদ পারাপারই নিশ্চিত হবে না, আদালতপাড়ার দুই অংশের মধ্যে যোগাযোগও আরও সহজ হবে। বিশেষ করে প্রতিদিন আদালতে আসা প্রবীণ বিচারপ্রার্থী, নারী ও দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিনের দাবির পর ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আদালত সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে বগুড়া আদালতপাড়ায় চলাচলের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আসবে এবং বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্টদের দুর্ভোগ কমবে।