চাকরি পাওয়ার পর ভেরিফিকেশনে বাবার নামে স্থাবর সম্পত্তি না থাকায় বাদ পড়ার আশঙ্কায় ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মুসলিম তরুণ। পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছিল। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এক হিন্দু ধর্মাবলম্বী স্বপ্রণোদিত হয়ে বিনা মূল্যে ওই তরুণকে এক শতক জমি দান করেছেন। মানবিকতার এই ঘটনায় এলাকায় প্রশংসার জোয়ার বইছে।
রবিবার (৪ অক্টোবর) টাইমস টুডেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন। তবে সরকারি বিধিমালা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এখনই দাতা ও গ্রহীতার নাম প্রকাশ করতে চাননি তিনি।
জানা যায়, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের সময় ওই তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকার জটিলতা তৈরি হয়। এতে চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়ে পরিবারটি।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বলেন, চাকরি পাওয়া মুসলিম ছেলেটির বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় ভেরিফিকেশনে বাদ যাবে এমন আশঙ্কা ছিল। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এক হিন্দু ভদ্রলোক কোনো বিনিময় ছাড়াই তাকে এক শতক জমি দান করেছেন। এমনকি জমির রেজিস্ট্রেশন খরচও তিনি নিজেই বহন করেছেন।
তিনি আরও বলেন, ছেলেটির পরিবার দীর্ঘদিন যাবৎ এখানে ভাড়া বাড়িতে আছেন। সমস্যার কথা জেনে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক স্বপ্রণোদিত হয়ে এই দান করেছেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা বলছেন, চাকরির পথে একজন তরুণের বাধা দূর করতে ধর্মের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


