...|...|...

সারাদেশ

অতীতের কোনো সরকার প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৩
Shares
অতীতের কোনো সরকার প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যেভাবে ভাবছে এবং একের পর এক যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন করছে, অতীতের কোনো সরকার তা করেনি। 

শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’ আয়োজিত ‘বিজনেস, নেটওয়ার্কিং ও কানেকশনস’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, নিরাপদ প্রবাস গমন এবং প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় সিলেট বিভাগের চারটি জেলাসহ দেশের প্রতিটি প্রবাসী অধ্যুষিত জেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিবাসন সমন্বয় কমিটি গঠিত হচ্ছে।

সরকারি-বেসরকারি উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় রক্ষা করবে। একইসাথে প্রবাসীদের যেকোনো আইনি বা প্রশাসনিক জটিলতা নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রবাসফেরতদের পুনর্বাসনে জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে দ্রুতই সরকারি প্রজ্ঞাপন জারি হবে জানিয়ে মন্ত্রী বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসককে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার সিলেট জেলা প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য প্রবাসী এলাকায় এই কার্যক্রম সম্প্রসারিত হবে।

বিগত সরকারগুলোর সাথে বর্তমান সরকারের কাজের তুলনা টেনে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যেভাবে ভাবছে এবং একের পর এক যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন করছে, অতীতের কোনো সরকার তা করেনি। প্রবাসীদের সার্বিক মূল্যায়নের অংশ হিসেবে একটি স্বতন্ত্র ও শক্তিশালী ‘বিশেষ কার্ড’ তৈরির কাজ চলছে। এটি আর দশটি সাধারণ কার্ডের মতো হবে না; এই কার্ডধারীরা বিমানবন্দরে বিশেষ সম্মান ও সেবাসহ দেশে নানা ধরনের অগ্রাধিকারমূলক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

তিনি আরও উল্লেখ করেন, বৃহত্তর সিলেটের বিপুলসংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। তাদের ও তাদের পরিবারের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিলেটে প্রবাসীদের জন্য একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। খুব শিগগিরই এ বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপ দৃশ্যমান হবে বলে আশ্বস্ত করেন তিনি।