ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে মধ্যরাতে অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে মধ্যরাতে আকস্মিক অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে একদল লোক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থান জোরালো হলে অবরোধকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫০ মিনিট ধরে মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করে রাখা হয়। পরে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্বাভাবিক হলেও ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান আড়াআড়িভাবে রেখে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। কাভার্ডভ্যানটির চালক ও চাবি না থাকায় সেটি সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চেষ্টা করতে দেখা যায়।
এদিকে ঘটনার পর মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্বাভাবিক হলেও ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


