...|...|...

সারাদেশ

‘অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে শেখার আছে’, বললেন আজহারী

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১:০০
Shares
‘অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে শেখার আছে’, বললেন আজহারী

বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

পরিচ্ছন্নতা, সবুজ পরিবেশ ও পরিপাটি নগর ব্যবস্থাপনার জন্য রাজশাহীর প্রশংসা করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার মতে, দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে বক্তব্যের শুরুতে এসব কথা বলেন তিনি।

মাহফিলের প্রধান বক্তা ড. মিজানুর রহমান আজহারী রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি শুনেছি, রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। বাংলাদেশের সবুজ ও পরিচ্ছন্ন শহর। আসার সময় দেখছিলাম, মাশাআল্লাহ, একেবারে পরিপাটি ও পরিষ্কার। আমাদের অন্য ৬৩ জেলার আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী যেমন পরিপাটি ও পরিচ্ছন্ন, আমাদের অন্য ৬৩ জেলাও যেন এ রকম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে। ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। তখন আসার পথে দুই পাশে সারি সারি আমবাগান দেখেছিলাম। এখানে আছে কালাই রুটি, আছে রেশম। নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।’

বিশাল এই তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।