...|...|...

সারাদেশ

মাটিভর্তি বাহনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

Times Today
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৯:৫০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৩
Shares
মাটিভর্তি বাহনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নিহত তাসফিয়া ফারিহা (১০)। ছবি: টাইমস টুডে

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর লটাহাম্বারের চালক ও তার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে গেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল ফারিহা। তারা কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লটাহাম্বার তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফারিহার মৃত্যু হয়।

দুর্ঘটনায় সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। এদিকে, ঘটনার পরপরই লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্য ব্যক্তিরা পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি টিম।