প্রথম দিন পেট্রোলবোমা ছুড়েও আগুন ধরাতে পারেনি দুর্বৃত্তরা। পরদিন রাতেই আরও সংগঠিত হয়ে ফিরে আসে তারা; এবার শুধু পেট্রোলবোমা নয়, সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্রও। রাজশাহী নগরের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে এমন হামলার ঘটনা ঘটেছে।
দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় তিন রাউন্ড গুলিও ছোড়ে হামলাকারীরা। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। একের পর এক হামলায় উপকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে; নিরাপত্তা বাড়ানোর পরও দ্বিতীয় দফায় হামলা হওয়ায় রাতে দায়িত্ব পালন নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনার পর থানায় এজাহার দেওয়া হয় এবং উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। কিন্তু তাতেও হামলা ঠেকানো যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত দুইটার দিকে মুখ বাঁধা ৮ থেকে ১০ জনের একটি দল ফের উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়; চারটি পেট্রোলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
আগুন লাগার পর উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের এক কর্মচারী বলেন, ‘পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে, তবে হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোলবোমা মেরে আগুন ধরানোর চেষ্টা করে। পরপর দুদিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে, আমরা এখন নিরাপদ বোধ করছি না।’
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম, সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়ার পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছিল। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে পাহারায় রাখা হয়; এরপরও পরের রাতেই আবার হামলা হলো।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় রাতে একটি পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

