...|...|...

সারাদেশ

ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:০৩
Shares
ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

চিকিৎসক রাশিদুল হাসান রাজন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাশিদুল হাসান রাজনকে গ্রেফতার করা হয়েছে।

পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।

রাশিদুল হাসান সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশিদুল হাসানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর রাতেই পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠায় পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক রাশিদুল হাসান দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অভিযান চালায় পুলিশ। এ সময় রোগী দেখা অবস্থায় চেম্বার থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিতেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’