বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একাধিক মামলার পলাতক আসামি, নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সভাপতি ভিপি মো. সাজেদুর রহমান শাহিনসহ চারজনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী সমুদ্রসৈকত এলাকার একটি রিসোর্ট ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. সাজেদুর রহমান শাহিন (৫২)। তিনি শাজাহানপুর উপজেলার বনভেটি এলাকার মৃত গোলাম মোস্তাফার ছেলে।
অন্যরা হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০)। তিনি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার মৃত সৈয়দ আখতার হোসেনের ছেলে।
গ্রেফতার হওয়া তৃতীয় ব্যক্তি হলেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯)। তিনি সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে।
এ ছাড়া গ্রেফতার হয়েছেন মো. ফেরদৌস হোসেন (২৬)। তিনি সদর উপজেলার কলোনি চকলোকমা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তাকে স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে গ্রেফতারকৃত চারজনকে আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতার একাংশ তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় একাধিক মামলার আসামি হওয়া এই নেতাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আদালত এলাকায় উৎসুক জনতা ও ভুক্তভোগীদের ভিড় জমে। এ সময় বিক্ষুব্ধদের কেউ কেউ তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ডিম ছুড়ে মারেন।


