...|...|...

সারাদেশ

আওয়ামী লীগ আর রাজনীতি করার অধিকার রাখে না: জাবের

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩০
Shares
আওয়ামী লীগ আর রাজনীতি করার অধিকার রাখে না: জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। ছবি: টাইমস টুডে

​ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে জীবন্ত পুড়িয়ে মারার ভয়াবহ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হলে বাংলাদেশ আওয়ামী লীগ আর রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়া থানার পাশে ‘অদম্য ২৪’-এর আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও শহীদী সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন।

​মিছিল শেষে দেওয়া বক্তব্যে আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নির্মমতার চিত্র তুলে ধরে আব্দুল্লাহ আল জাবের বলেন, আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আমাদের ভাইদের যখন পোড়ানো হচ্ছিল, তখনো তারা জীবিত ছিল।

জীবন্ত মানুষ পোড়ানোর এই যন্ত্রণাদায়ক দৃশ্য আশুলিয়াবাসী স্বচক্ষে দেখেছে। কেবল আশুলিয়ার এই একটি ঘটনার সুষ্ঠু বিচার করা হলেই আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করার নৈতিক অধিকার রাখবে না।

​তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের রক্তের সাথে বেইমানি করে খুনি লীগের সাথে আপস করতে পারে। কিন্তু আমরা সেই শহীদের সহযোদ্ধা, যিনি বলে গিয়েছেন- ‘জান দেবো তবুও জুলাই দেবো না’।

আমরা যতদিন বেঁচে আছি, এই জমিনে জুলাইয়ের চেতনা হারাতে দেব না। প্রশাসন বা সরকার যদি খুনিদের সাথে আপস করে, তবে তাদের ঠিকানাও বাংলাদেশে হবে না, তাদেরও দিল্লির পথ ধরতে হবে।

​শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি করে তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে না পারাটা এই সরকারের একটি বড় ব্যর্থতা। আগামী ১৮ ডিসেম্বরের পূর্বে প্রত্যক্ষ খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অন্যথায় রাজপথে আবারও আমাদের দেখা হবে।

​উক্ত কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ সাভার স্টুডেন্ট কমিউনিটির প্রতিষ্ঠাতা ও ‘অদম্য ২৪’-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম এবং জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স ঢাকা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ সজিবসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।