...|...|...

সারাদেশ

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২০
Shares
সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। ছবি: টাইমস টুডে

সাতক্ষীরায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামরুল শেখ।

মামলার নথি ও আদালতের রায় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় কিশোরীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে রওশন শেখের চায়ের দোকানের পেছনে যায়। 

সেখানে তাকে খাবার দেওয়ার কথা বলে একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পাটকেলঘাটা থানায় মামলা করেন। ২০২৫ সালের ২৩ মে মামলাটি করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন। রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ শুনানি করেন।