...|...|...

সারাদেশ

সহসভাপতিকে ‘বহিষ্কার’ করলেন বহিষ্কৃত বিএনপি সভাপতি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩১
Shares
সহসভাপতিকে ‘বহিষ্কার’ করলেন বহিষ্কৃত বিএনপি সভাপতি

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন মুন্সিকে দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, মব সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী। তবে ইলিয়াস শাহীর এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাকির হোসেন মুন্সি। তার দাবি, ইলিয়াস শাহী নিজেই দল থেকে বহিষ্কৃত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ফকিরবাড়িতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাকির হোসেন মুন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অব্যাহতির ঘোষণা দেন ইলিয়াস শাহী।

অব্যাহতি পত্রে ধর্মীয় প্রতিষ্ঠান, পাইকারি বাজার, আড়ত, পরিবহন ও ফুটপাতে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

ইলিয়াস শাহী বলেন, শ্রীপুরের একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জাকিরের বিরুদ্ধে আগে তদন্ত কমিটি করা হয়েছিল। তাকে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তিনি সংশোধন হননি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। ছবেরআলী মার্কেট নিয়েও জাকিরের লোকজনের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ তোলেন ইলিয়াস।

এসব অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন মুন্সি বলেন, মোখলেছুর রহমান ইলিয়াস শাহী নিজেই বহিষ্কৃত। তার বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। তিনি আমাকে কীভাবে অব্যাহতি দেন? বরং তার বহিষ্কারের পর আমি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।

জাকির আরও দাবি করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া নোটিশ তৈরি করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন, জাকিরকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি সংশোধন হলে পরবর্তীতে বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এদিকে ইলিয়াস শাহীর সাংগঠনিক অবস্থান নিয়েও দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি রয়েছে। ইলিয়াস শাহী তার বহিষ্কারের বিষয়টি অস্বীকার করে নিজেকে পদে বহাল থাকার দাবি করেছেন। বিপরীতে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবদুল গফুর মিয়া বলেন, ইলিয়াস শাহী বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ায় জাকিরকে অব্যাহতি দেওয়ার সাংগঠনিক এখতিয়ার তার নেই।

উল্লেখ্য, গত ২৬ মার্চ ২০২৬ তারিখে আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. রাজিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে মোখলেছুর রহমান ইলিয়াস শাহীকে বহিষ্কারের কথা জানানো হয়।