...|...|...

সারাদেশ

বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ৮:২৮
Shares
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বরিশালে ভাড়া ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে সাবেক এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আমেনা খানম বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা ও বাড়ির মালিক রিনা বেগম জানান, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। বুধবার রাতে হঠাৎ করে তার রুম থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়া বিষয়টি আমেনা খানমের ছেলেকে জানান। আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে কাপড় দিয়ে হাত-পা বাধা অবস্থায় লাশটি খাটের উপরে দেখতে পায়। তারপর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনার সাথে যে বা যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।