চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ২ নম্বর গেইট এলাকায় আবারও ১৪ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে গেইট এলাকায় সাপটির উপস্থিতি দেখতে পেয়ে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে এক শিক্ষার্থী বিষয়টি Society for Snake & Snakebite Awareness (3SA)-কে জানালে সংগঠনটির রেসকিউ টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
সাপটির উপস্থিতির খবর পেয়ে 3SA-এর রেসকিউ টিমের সদস্য নাফিস হাসান, আবির ও ভলান্টিয়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার করা সাপটি বার্মিজ অজগর (Burmese Python), যার বৈজ্ঞানিক নাম Python bivittatus। এটি একটি অবিষধর সাপ এবং এর দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।
উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের সাপ ও সর্পদংশন বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন বার্তা দেওয়া হয়। 3SA-এর পক্ষ থেকে জানানো হয়, সর্পদংশন মানেই মৃত্যু নয়। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি। পাশাপাশি সাপে কাটার পর আক্রান্ত স্থানে শক্ত করে বাঁধ দেওয়া কিংবা কাটাছেঁড়া না করার পরামর্শ দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ও সবুজ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে অজগরসহ নানা প্রজাতির সাপের উপস্থিতি দেখা যায়। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা থেকে এর আগেও সাপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাপগুলোকে না মেরে নিরাপদে উদ্ধারের ক্ষেত্রে 3SA-এর রেসকিউ টিমকে নিয়মিতভাবে কাজ করতে দেখা গেছে।
ক্যাম্পাসে সাপের উপস্থিতির খবর পেলে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপ উদ্ধারে কাজ করছে সংগঠনটির সদস্যরা। একইসাথে সাপ সম্পর্কে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক বার্তাও দিয়ে আসছে তারা।
কোথাও সাপ দেখতে পেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারতে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান 3SA এর সদস্যরা। রাতে চলাচলের সময় টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার এবং মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে সাপ সংক্রান্ত সহযোগিতার জন্য 3SA-এর হেল্পলাইন ০১৭১০৯৬৪৮৬৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়।


