কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।
নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার চাকরির সুবাদে তাজমিন দীর্ঘদিন ধরে কুমিল্লায় বসবাস করে আসছিল।
পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে তাজমিন বাসা থেকে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। পরে ওই বান্ধবীর সাথে কক্সবাজারে ঘুরতে যায়। সেখান থেকে গত রাতে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় বলে পরিবার জানতে পারে।
রাতে বাবা আবদুল আলীম মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাননি। মেয়ের খোঁজে তিনি কুমিল্লার বাসা থেকে বের হয়ে ভোরে লালমাই থানায় যান। সেখানে গিয়ে ধানক্ষেত থেকে উদ্ধার করা লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। একই স্থানে একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশাও দেখতে পান তারা। খবর পেয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লালমাই থানা পুলিশ জানিয়েছে, কিশোরীর মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।


