দেশ থেকে সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে পরিচালিত দেশব্যাপী উদ্যোগের চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে তুরস্ক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান জোর দিয়ে বলেন যে, এই প্রক্রিয়াটিকে নস্যাৎ করার জন্য গত দুই বছর ধরে নানা উসকানি ও ষড়যন্ত্র চালানো সত্ত্বেও এই অভিযান সফলভাবে সামনে এগিয়ে গেছে।
তিনি বলেন, গত দুই বছর ধরে চলা সমস্ত উসকানির পরও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি এবং উল্লেখ করেন যে এই উদ্যোগটির মূল লক্ষ্য হলো সন্ত্রাসী হুমকির সম্পূর্ণ বিনাশ করা।
সন্ত্রাসী নেটওয়ার্কের প্রতি কঠোর সতর্কবার্তা সহিংসতা থেকে মুনাফা অর্জনকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রেসিডেন্ট বলেন যে, জঙ্গি গোষ্ঠীগুলোকে টিকিয়ে রাখা আর্থিক ও লজিস্টিক নেটওয়ার্কগুলো একে একে ছিন্ন করে দেবে আঙ্কারা।
এরদোয়ান দৃঢ়তার সঙ্গে বলেন, প্রায় ৫০ বছর ধরে যারা সন্ত্রাসবাদের এই শিল্প থেকে খেয়ে বেঁচে আছে এবং যারা আমাদের জাতি ও দেশের শত্রু, তাদের জীবনরেখা আমরা একে একে কেটে দেব।
এরদোয়ান আরও নিশ্চিত করেন যে, সন্ত্রাসবাদ যাতে পুনরায় শিকড় গাড়তে না পারে কিংবা পরিবারগুলোর ওপর নতুন কোনো দুর্ভোগ ডেকে আনতে না পারে, সে জন্য তুরস্ক সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির সাম্প্রতিক প্রচেষ্টাগুলো ব্যর্থ করে দেওয়া হয়েছে। নতুন করে বিভেদের আগুন জ্বেলে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর পরিকল্পনাগুলো, আল্লাহর রহমতে, আমাদের দেশের প্রচেষ্টার ফলেই ব্যর্থ করে দেওয়া হয়েছে।


