জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যাপক সংস্কার এবং স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বাতিলের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেছেন, বর্তমান বিশ্ববাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে হলে আন্তর্জাতিক ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাস্তবতার প্রতিফলন করে বলেও মন্তব্য করেন তিনি।
ব্লুমবার্গে প্রকাশিত ‘জাতিসংঘের উচিত নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বাতিল করা’ শীর্ষক এক নিবন্ধে এরদোয়ান বলেন, মহামারি, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আঞ্চলিক সংঘাতের মতো সাম্প্রতিক সংকটগুলো দেখিয়েছে যে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল কয়েকটি দেশের হাতে থাকা কার্যকর নয়।
এরদোয়ান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও কার্যকর, ন্যায্য ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা প্রয়োজন। বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তুরস্কের দীর্ঘদিনের স্লোগান ‘বিশ্ব পাঁচের চেয়েও বড়’ উল্লেখ করে এরদোয়ান বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থায় দায়িত্বের আরও ব্যাপক বণ্টনের আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন—ভেটো ক্ষমতা ব্যবহার করে থাকে। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার সমালোচনা করে আসছে বিভিন্ন দেশ, যাদের অভিযোগ, এর ফলে অল্প কয়েকটি দেশের হাতে অতিরিক্ত প্রভাব কেন্দ্রীভূত হয়েছে।
এরদোয়ান বলেন, “সংস্কারের প্রয়োজনীয়তাকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় রূপ দেওয়া জরুরি। আর এই কর্মপরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ভেটো সুবিধা বাতিল করা।”
তিনি আরও বলেন, শুধু নতুন স্থায়ী সদস্য যুক্ত করলেই সমস্যার সমাধান হবে না; বরং এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে কোনো দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশের সিদ্ধান্ত আটকে দিতে না পারে।
তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের মধ্যে নতুন ভারসাম্য প্রতিষ্ঠারও আহ্বান জানান। তিনি প্রস্তাব দেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা সাধারণ পরিষদের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হবেন এবং পুনর্নির্বাচনের জন্য তাদের আস্থা অর্জন করতে হবে।
এরদোয়ান বলেন, “সাধারণ পরিষদের কাছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিত্ব ও জবাবদিহিতা আরও জোরদার করা উচিত।”
তিনি আরও বলেন, অতীতের আধিপত্যমূলক কাঠামোর ওপর ভিত্তি করে ভবিষ্যতের আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি ও কূটনীতিতে নতুন শক্তিকেন্দ্র তৈরি হলেও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
যুদ্ধ, জলবায়ু সংকট, অনিয়মিত অভিবাসন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় শক্তিশালী আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্থিতিশীল অর্থনীতি ও কার্যকর প্রতিরক্ষা সক্ষমতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট।


