জাতিসংঘের সংস্কার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে ব্যাপক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এরদোয়ান বলেন, ১৯০টির বেশি দেশের ইচ্ছা মাত্র পাঁচটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল—এমন ব্যবস্থা ন্যায্য নয় এবং এটি পূর্ণ আস্থা অর্জন করতে পারে না।
তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে ৮১ বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ বর্তমানে তার মূল লক্ষ্য পূরণে অক্ষম হয়ে পড়েছে; বরং এটিকে অক্ষম করে রাখা হয়েছে।
ভাষণে গাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, মানবতা, সহানুভূতি ও ন্যায়বিচারে বিশ্বাসী কেউই গাজায় চলমান পরিস্থিতি উপেক্ষা করতে পারেন না।
এরদোয়ান বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টানা দুই বছর ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত হয়ে নিজের আসনে বসতে পারেননি। তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচার হিসেবে উল্লেখ করেন।
তুরস্কের প্রেসিডেন্ট যেসব দেশ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।


