...|...|...

তথ্যপ্রযুক্তি

ফিবোনাচি রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড শুক্রবার, মিডিয়া পার্টনার টাইমস টুডে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৯
Shares
ফিবোনাচি রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড শুক্রবার, মিডিয়া পার্টনার টাইমস টুডে

সৌজন্য ছবি।

রোবটিকস, বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও উদ্যোক্তা উদ্ভাবনে দেশের তরুণদের দক্ষতা তুলে ধরতে আগামীকাল শুক্রবার ((৪ সেপ্টেম্বর)) ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইইউইউ)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড। জেনারেল সায়েন্স অলিম্পিয়াড (জিএসও)-এর আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিচ্ছে দেশজুড়ে প্রায় এক হাজার শিক্ষার্থী। দৈনিক টাইমস টুডে এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

জাতীয় এই রাউন্ডে থাকছে একাধিক রোবোটিকস প্রতিযোগিতা, যার মধ্যে অন্যতম লাইন ফলোয়ার রোবট, সুমো রোবট, মেজ সলভিং রোবট এবং ফুটবট বা রোবোসকার।

বিশেষ করে লাইন ফলোয়ার ও সুমো রোবট প্রতিযোগিতায় দেখা যাবে সরাসরি রোবটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা রোবট ম্যাচ, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজেদের তৈরি রোবট নিয়ে সরাসরি একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে।

প্রতিযোগিতার পাশাপাশি আয়োজনে থাকছে রোবোটিকস ডেমোনস্ট্রেশন, প্রজেক্ট ও রোভার প্রদর্শনী, প্যানেল আলোচনা এবং অতিথিদের বক্তব্য।

দিনের শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে সেরা প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে তারা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

মিডিয়া পার্টনার হিসেবে টাইমস টুডে পুরো আয়োজনের উল্লেখযোগ্য মুহূর্তগুলো ভিডিও কনটেন্ট, ফিচার প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরবে।

আয়োজন সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ফিবোনাচি অলিম্পিয়াড বাংলাদেশের ডেপুটি চিফ অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস মিনহাজুল আবেদিনের সঙ্গে।