...|...|...

বিশ্ব

যেকোনো আগ্রাসনে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি দিল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩২
Shares
যেকোনো আগ্রাসনে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি দিল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান। শত্রুর যেকোনো হামলার বিরুদ্ধে এবার সম্পূর্ণ নতুন সামরিক প্রযুক্তি এবং অভিনব ‘বিস্ময়কর’ কৌশলের মুখোমুখি হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এ সতর্কতা উচ্চারণ করেন।

তিনি জানান, অপ্রতিসম যুদ্ধপদ্ধতির দিকে মনোযোগ দেওয়া এবং পুরোপুরি অভ্যন্তরীণ প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির মাধ্যমে ইরানের সামরিক শক্তি এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে অতীতের যেকোনো সংঘাতের সময়ের চেয়ে দেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেন তিনি।

জেনারেল শেকারচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর অবস্থা এখন অত্যন্ত চমৎকার। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং শক্তিশালী হয়ে উঠেছে। আর এবার শত্রুর জন্য আমাদের হাতে বেশ কিছু বিস্ময়কর প্রস্তুতি রয়েছে। শত্রুর যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমরা নতুন সামরিক প্রযুক্তি ব্যবহার করে জবাব দেব।

তিনি আরও জানান, ইরানের এই অপ্রতিসম কৌশলের মূল লক্ষ্য হলো—অধিক ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচে অত্যন্ত কার্যকর ও ব্যবহারিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করা এবং তা সফলভাবে প্রয়োগ করা।